যুক্তরাষ্ট্র আশা করছে তারা ২০১৬ সালে পাঁচ থেকে আট হাজার সিরীয় শরণার্থীকে স্বাগত জানাতে পারবে। কর্মকর্তারা স্থানীয় সময় সোমবার এ কথা জানান। খবর এএফপির।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, ‘জাতিসংঘ শরণার্থী সংস্থা পুনর্বাসনের জন্যে ১৫ হাজার সিরীয় শরণার্থীকে তাদের কাছে পাঠিয়েছে। ডিসেম্বরে ওয়াশিংটন ৯ হাজার শরণার্থীকে গ্রহণের কথা জাতিসংঘকে জানিয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তারা ২০১৫ অর্থ বছরে এক থেকে দুই হাজার সিরীয় শরণার্থীকে গ্রহণ করবে এবং ২০১৬ অর্থবছরে তা অল্প কয়েক হাজার বাড়বে।’
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর চল্লিশ লাখেরও বেশি লোক শরণার্থী হয়ে পড়ে। এদের দায়িত্ব না নেয়ায় যুক্তরাষ্ট্রকে সমালোচনার মুখে পড়তে হয়।

