নেমেই অনুশীলনে বাংলাদেশ দল

S M Ashraful Azom
নতুন পরিবেশ। বাংলাদেশ দলের অনেক ফুটবলারের জন্যই নতুন দেশ দেখা। উন্নত দেশের অবকাঠামো দেখে চোখ যেন ছানাবড়া। কিন্তু মনের মধ্যে আছে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ফুটবল দেশের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো লড়াই করার বাসনা।
বাংলাদেশ দল আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ এবং ২০১৯ সালের এশিয়ান কাপের বাছাই পর্বের খেলায় মুখোমুখি হতেই গতকাল রবিবার কুয়ালালামপুর থেকে পার্থে যায়। বাছাই পর্বের প্রিলিমিনারি রাউন্ড টু’র খেলায় প্রথমবারের মতো একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল। ‘বি’ গ্রুপে এছাড়াও আছে জর্ডান, কিরগিজিস্তান ও তাজিকিস্তান।
জর্ডান, কিরগিজিস্তান ও অস্ট্রেলিয়া এক খেলা শেষে তিন পয়েন্ট করে পেয়েছে। অপরদিকে বাংলাদেশ ও তাজিকিস্তানের দুই খেলা শেষে অর্জন এক পয়েন্ট করে। মামুনুলের দল কিরগিজিস্তানের কাছে ১-৩ গোলে পরাস্ত হলেও তাজিকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করে। অস্ট্রেলিয়া ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলবে ১৭ নভেম্বর।
এই প্রেক্ষাপটে জাতীয় দলের ফুটবলাররা গতকাল সকালে অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছে বিকালেই অনুশীলনে নেমে পড়েন। ৪৫ মিনিটের অনুশীলন হয়েছে মামুনুল ইসলাম, সোহেল রানা, হেমন্তদের। জানা গেছে পার্থের আবহাওয়া এখন খানিকটা ঠান্ডা। দিনের বেলা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতে সেটা ১৪ ডিগ্রিতে নেমে আসে। চমত্কার আবহাওয়ায় বাংলাদেশের ফুটবলাররাও বেশ ফুরফুরে রয়েছেন। আগের দিন কুয়ালালামপুরে গত শনিবার রাতে স্বাগতিক মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় বাংলাদেশ দলের মধ্যে একটা আত্মবিশ্বাসও তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার মতো বড় দেশের বিরুদ্ধে খেলায় এটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ফুটবল দল এবং বাফুফের অন্য কর্মকর্তারা পার্থের ক্রাউন প্লাজা হোটেলে অবস্থান করছেন।
অস্ট্রেলিয়রা অবশ্য আসন্ন লড়াইয়ে তাদের নিয়মিত অধিনায়ক মাইল জেডিন্যাক, এবং দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় টমি জুরিচ ও রবি ক্রসকে পাচ্ছে না। এই জেডিনাকের নেতৃত্বেই অস্ট্রেলিয়া চলতি বছর এশিয়ান কাপ জেতে। অবশ্য এদের ছাড়াই অস্ট্রেলিয়া ফুটবল শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে অজি দলের কেবল চারজন ফুটবলার দেশে খেলেন। বাকিদের মধ্যে অধিকাংশই ইংল্যান্ড, স্কটল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালিসহ অন্যান্য দেশে খেলেন।
তাছাড়া ফিফার র্যাংঙ্কিয়ে অস্ট্রেলিয়া ৬১ এবং বাংলাদেশের অবস্থান ১৭০।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top