গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে বরখাস্ত করা হয়েছে। নাশকতার মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে।
স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই কারণে রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেটের আরিফুল হককেও বরখাস্ত করে সরকার। তারা তিন জনই বিএনপির নেতা। দলটির অভিযোগ, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ‘মিথ্যা’ মামলা দিচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মান্নানকে গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার জায়গায় গত ৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ। মান্নানের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। সবগুলোতেই আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। তবে একটিতে জামিন স্থগিতের আদেশ হওয়ায় মুক্তি পাননি তিনি।
২০১৩ সালের জুনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহীতে বুলবুল এবং সিলেটে আরিফুল জয়ী হন। পরের মাসে গাজীপুরে নির্বাচনে বিজয়ী হন মান্নান।

