মঙ্গলবার থেকে এনআইডি সেবার ফি কার্যকর

S M Ashraful Azom
মঙ্গলবার থেকে টাকা ছাড়া আর মিলবে না জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। পরিচয়পত্র হারালে দিতে হবে দু’শ’ টাকা। বিদ্যমান জাতীয় পরিচয়পত্র নবায়ন, হারানো, সংশোধন করতে এতদিন কোনো ফি দিতে না হলেও আগামীকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট অংকের ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ফ্রি জাতীয় পরিচয়পত্রের সেবা পেতে রবিবার অনেকে ভিড় জমান ইসলামিক ফাউন্ডেশনে অবস্থিত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে। কিন্তু সেখানে পর্যাপ্ত জনবল না থাকায় সেবা প্রত্যাশীদের দুর্ভোগে পড়তে হয়।
 
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন ইত্তেফাককে বলেন, ১ সেপ্টেম্বরের আগে যারা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা পেতে আবেদন করবেন তাদের কাছ থেকে কোন অর্থ নেয়া হবে না। আইনে ফি নেয়ার বিধান থাকায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এটা কমিশন নেবে না, সরকারের তহবিলে জমা পড়বে। শুধু মানুষকে সচেতন করার জন্য এই ফি ধার্য করা হয়েছে।
 
গত জুনের শেষদিকে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সর্বনিম্ন একশ’ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা সেবা ফি নেয়ার কথা বলা আছে। বিদ্যমান ৯ কোটি ৬২ লাখ ভোটারের জাতীয় পরিচয়পত্র দিতে সবমিলিয়ে সরকারের খরচ হয়েছে ৫শ’ কোটি টাকার মতো। আর এই কার্ড নবায়ন থেকে আয় হবে হাজার কোটি টাকা। প্রতিদিন জাতীয় পরিচপত্র সংশোধন, পরিবর্তন ও হারানোর বিষয়ে প্রায় ১১শ’র মত আবেদন পড়ে। বর্তমানে যে লেমিনেটিং করা ম্যানুয়াল কার্ড দেয়া হয়েছে তার মেয়াদ ১৫ বছর। তবে আগামীতে যে স্মার্টকার্ড দেয়া হবে তার মেয়াদ হবে ১০ বছর। ফলে আগামী ১০ বছর পর এই কার্ড নবায়ন করতে হবে সবাইকে।
 
বর্তমানে দেশের ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের তথ্য সংরক্ষিত রয়েছে ইসির তথ্য এই ভাণ্ডারে। তারপর ১৮ বছরের নিচের বয়সীদেরও কার্ড দেয়ার পরিকল্পনা রয়েছে।
 
সেবা নিতে যা খরচ হবে : ব্যক্তিপর্যায়ে আইডি কার্ড নবায়নের জন্য ১০০ টাকা এবং জরুরি ভিত্তিতে পেতে ১৫০ টাকা দিতে হবে। হারানো বা নষ্ট হওয়ার জন্য নতুন আইডি কার্ড পেতে প্রথমবারে ২০০ টাকা, জরুরি পেতে ৩০০ টাকা, দ্বিতীয়বারে ৩০০ টাকা, জরুরি পেতে ৫০০ টাকা এবং পরবর্তী প্রত্যেকবারের জন্য ৫০০ টাকা এবং জরুরি পেতে এক হাজার টাকা ফি দিতে হবে।

আইডি কার্ডে ভুল সংশোধনের জন্য প্রথমবার আবেদনে ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যে কোন বারে ৪০০ টাকা লাগবে। কার্ডে উল্লেখিত তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ২০০ টাকা এবং পরবর্তী যে কোন বারে ৩০০ টাকা হারে চার্জ প্রদান করতে হবে।

এ ছাড়া যেসব প্রতিষ্ঠান অনলাইনে তাদের গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা পেতে চায়, তাদের জন্য এককালীন নিবন্ধন ফি চার্জ পাঁচ লাখ টাকা ধরা হয়েছে। সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এক্ষেত্রে প্রতিবারের জন্য ১ টাকা এবং বেসরকারি পর্যায়ে চার্জ ২ টাকা নির্ধারণ করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top