বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, চলতি অর্থবছরে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাত শতাংশে অর্জনের জন্য কাজ চলছে। এ প্রবৃদ্ধি অর্জনের জন্য দেশের অবকাঠামো সমস্যার সমাধান করতে হবে। আর তা করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি ফান্ডের ব্যবস্থা করা হচ্ছে।
কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে রাজস্ব নীতির সঙ্গে তাল মিলিয়ে মুদ্রানীতি চলছে উল্লেখ করে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের উপরে। এ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকেই দুই বিলিয়ন ডলাররের অবকাঠামো উন্নয়নের জন্য একটি নতুন তহবিল গঠন করা হবে।
বুধবার রাজধানীর মতিঝিলে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। ইবিএল লিডারশিপ লেকচার সিরিজ নামের ওই অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে ওই ব্যাংকের নেতৃত্বের সম্ভাবনাময়ী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যোগ দেন।

