ফায়ারফক্সে যুক্ত হচ্ছে ক্রোম এক্সটেনশন

S M Ashraful Azom
আধুনিক ওয়েব ব্রাউজারগুলোর অন্যতম প্রধান একটি সুবিধা হলো এর নানা ধরনের এক্সটেনশন বা অ্যাড-অনের ব্যবহার। এদিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম এবং মজিলার ফায়ারফক্স। ফায়ারফক্সকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে এবারে ফায়ারফক্সে মজিলা যুক্ত করতে যাচ্ছে ওয়েব এক্সটেনশন এপিআই। ফায়ারফক্সের জন্য নতুন এই এপিআই গুগল ক্রোম বা অপেরার মতো ব্রাউজারের এক্সটেনশনগুলোকে সমর্থন করবে। ফলে গুগল ক্রোমের ব্রাউজারগুলোর জন্য তৈরি বিভিন্ন এক্সটেনশনে খুব সামান্য কিছু পরিবর্তন করলেই এগুলো ফায়ারফক্সে ব্যবহারের উপযোগী হয়ে যাবে। ফায়ারফক্সের জন্য মজিলার প্রোডাক্ট ম্যানেজার কেভ নিধাম এক ব্লগপোস্টে আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়েছেন। ব্লগপোস্টে তিনি লিখেছেন, ‘আমরা অ্যাড-অন ডেভেলপমেন্টকে অনেকটা ওয়েব ডেভেলপমেন্টের মতো করে দেখতে চাই। এর অর্থ হলো একই ধরনের কোড নিজ নিজ স্ট্যান্ডার্ড অনুসারে বিভিন্ন ওয়েব ব্রাউজারে ব্যবহারের উপযোগী হবে এবং ওয়েব ব্রাউজারগুলোর পক্ষ থেকেও ডেভেলপারদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’ এতদিন পর্যন্ত ফায়ারফক্স ব্রাউজারের জন্য অ্যাড-অন বা এক্সটেনশন তৈরির ক্ষেত্রে এক্সপিকম বা এক্সইউএলের মতো প্রযুক্তি ব্যবহার করতে হতো। জাভাস্ক্রিপ্টের ওপর ভিত্তি করে এসব প্রযুক্তির ব্যবহার করে অ্যাড-অন বা এক্সটেনশন তৈরির প্রক্রিয়া ছিল অত্যন্ত কঠিন। একই ধরনের কাজ করতে সক্ষম অ্যাড-অন বা এক্সটেনশন তৈরি করতে গেলে ফায়ারফক্স ডেভেলপারদের খাটুনি ছিল অনেক বেশি। ঠিক এই জায়গা থেকে বেরিয়ে এসেই ফায়ারফক্সের ৪২তম সংস্করণ থেকে নতুন এপিআইকে সমর্থন দেওয়া হবে। এতে করে ক্রোম এক্সটেনশনগুলোর নির্মাতারা নিজেদের এক্সটেনশনগুলোতে সামান্য বদল এনেই সেগুলোকে ফায়ারফক্সের জন্য উন্মুক্ত করতে পারবেন। এগুলো অবশ্য উন্মুক্ত হওয়ার জন্য মজিলার অনুমোদন লাগবে। তবে নিধাম জানিয়েছেন, তারা খুব দ্রুতই এসব এক্সটেনশন পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবহারের উপযোগী করে তুলবেন। উল্লেখ্য, ফায়ারফক্সের সাফল্যের পেছনে এর অ্যাড-অনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এক্সটেনশনের সংখ্যায় গুগল ক্রোম যোজন যোজন এগিয়ে গিয়েছে। নতুন এপিআইয়ের সমর্থন পিছিয়ে পড়া ফায়ারফক্সকে এগিয়ে আসতে পারবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top