সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নির্ধারিত ফাইটে যেসব যাত্রীরা সৌদিআরব যেতে পারেননি, তাদের জন্য দু’টি বিশেষ ফাইটের ব্যবস্থা করা হয়েছে। ২১ ও ২৬ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি ফাইট মোট ১৪৫ জন হজ যাত্রীকে নিয়ে জেদ্দায় যাবে। ২১ আগস্ট (শুক্রবার) রাত ৩টা ৩৫ মিনিটে বিজি-৩০২৫ ফাইটে যাবেন ১০০ জন এবং ২৬ আগস্ট (বুধবার) রাত ১টা ০৫ মিনিটে বিজি-৫০৩৭ ৪৫ জন হজ যাত্রী নিয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের তথ্যকেন্দ্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
হজ ক্যাম্পের তথ্য কেন্দ্রের ইনচার্জ মো. কবির আল মামুন জানান, সরকারি ব্যবস্থাপনার যেসব হজ যাত্রীরা নির্ধারিত ফাইটে যেতে পারেন নি তাদের জন্য ২১ ও ২৬ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে দু’টি বিশেষ ফাইটের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় ২৭০০ হজ যাত্রীর মধ্যে ২৩২৯ যাত্রী হজ পালনে জেদ্দায় পৌঁছেছেন। বাকি ভিআইপি ও শর্ট প্যাকেজের ২২৬ জন হজ যাত্রী রয়েছেন, যাঁরা ১৫ সেপ্টেম্বর থেকে যাবেন।
তিনি আরো জানান, ১৬ আগস্ট থেকে ২০ আগস্ট দুপুর পর্যন্ত সরকারি-বেসরকারি ৪০টি ফাইটে মোট ১৫ হাজার ৫শ’ ৫৫ জন হজ যাত্রী জেদ্দায় পৌঁছেছেন। এদিকে হজ ক্যাম্পের সহকারী হজ কর্মকর্তা আবদুল মালেক জানান, সরকারি ব্যবস্থাপনার যাত্রীদের জন্য দু’টি বিশেষ ফাইটের ব্যবস্থা করা হয়েছে। ২১ আগস্ট রাতের একটি ফাইটে ১০০ জন এবং ২৬ আগস্ট রাতের আরেকটি ফাইটে আরো ১০০ জন নিয়ে মোট ২০০ জন হজ যাত্রী যাবেন।
তবে ২০০ হজ যাত্রীর তালিকা চাইলে সহকারী হজ কর্মকর্তা কোনো তালিকা দেখাতে পারেননি। হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, পর্যায়ক্রমে সব হজযাত্রী যাবেন। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত ফাইটে যেসব যাত্রীরা যেতে পারেন নি তাদের জন্য দু’টি বিশেষ ফাইটের ব্যবস্থা করেছি। সরকারি ব্যবস্থাপনায় কোনো হজ যাত্রী আটকে থাকবেন না বলেও জানান তিনি।
এ বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ এক হাজার ৭শ’ ৫৮ জন যাত্রী যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৭০০ যাত্রী হজ পালনে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার কথা রয়েছে।
সরকারি, বেসরকারি ও শিডিউল ব্যবস্থাপনায় ২০ আগস্ট গতকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১২টি ফাইট জেদ্দা যাওয়ার কথা রয়েছে।
ফাইটগুলো মধ্যে বিজি-১০২১ সকাল ১০টা ০৭ মিনিটে; বিজি-৩০২১ দুপুর ০১টা ৩৫ মিনিটে; বিজি-৫০২১ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে; বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে; সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৪১১ সকাল ৯টা ১৮ মিনিটে; এসভি-৫৪১৭ দুপুর ১২টা ২০ মিনিটে; এসভি-৮০৭ বিকেল ৫টায়; এসভি-৫৪১৯ রাত ১১টা ২০ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি ফাইট বিজি-০৩৫ রাত ০০টা ৩৫ মিনিটে; বিজি-৫০১৯ রাত ১টা ০৪ মিনিটে; এবং সৌদি এয়ারলাইন্সের দু’টি হজ্জ ফাইট এসভি-৫৩০৯ রাত ০০টা ২৮ মিনিটে; এসভি-৫৩২৩ রাত ১টা ০১ মিনিটে ছেড়ে ইতোমধ্যে জেদ্দায় পৌঁছেছে।
