চীনের উত্তরাঞ্চলের বন্দরনগরী তিয়ানজিনে রাসায়নিক পদার্থের গুদামে জোড়া বিস্ফোরণের দু’দিন পেরিয়ে গেলেও সেখানকার আকাশ এখনও ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। ঘটনাস্থলে জ্বলছে আগুন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৫ জনে।
বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে হাজার হাজার গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে বিস্ফোরণস্থলে সামরিক বাহিনীর দু’শ সদস্যের একটি রাসায়নিক বিশেষজ্ঞ দল পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার রাতে বিস্ফোরক দ্রব্যের একটি চালান তিয়ানজিনের একটি গুদামে নেয়ার সময় প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এর ৩০ সেকেন্ড পর দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথমটির চেয়ে দ্বিতীয় বিস্ফোরণটি ছিল আরো ভয়াবহ।
এ ঘটনায় আহত ৭০১ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭১ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা ৫৫ জন ছাড়িয়েছে। এছাড়া বিস্ফোরণের কারণে সাময়িকভাবে গৃহহীন হয়ে পড়েছে তিয়ানজিন শহরের সাড়ে তিন হাজারেরও বেশি বাসিন্দা। গুদামটির আশপাশের এলাকাগুলোয় তারা বাস করতেন। সূত্র: বিবিসি

