যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নারীদের যৌন উত্তেজনা বাড়ায় এমন একটি ওষুধের অনুমোদন দিয়েছে। বাজারে পুরুষদের জন্য এ ধরনের অনেক ওষুধ থাকলেও নারীদের জন্য এ ধরনের এটিই প্রথম। অনেকেই একে 'নারীদের ভায়াগ্রা' বলে অভিহিত করছেন।
ওষুধটি তাৎক্ষণিকভাবে কাজ না করলেও দীর্ঘমেয়াদে এটি নারীদেহে যৌন আকাঙ্ক্ষা বাড়ায়। সম্প্রতি এফডিএর বৈঠকে ওষুধটিকে অনুমোদন দেয়া হয়েছে।
রাসায়নিকভাবে ওষুধটির নাম 'ফ্লিবানসেরিন'। যুক্তরাষ্ট্রের স্প্রাউট ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ফিমেল ভায়াগ্রার উৎপাদনকারী। বাণিজ্যিকভাবে ওষুধটি 'অ্যাডি' নামে বাজারে পাওয়া যাবে।
তবে ওষুধটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। খুব ধীরে কাজ করে বলে ওষুধটির সাফল্য নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। এটি 'কার্যকর নয়' এমন কারণ দেখিয়ে এফডিএ দুই বার অ্যাডি অনুমোদন দেয়া থেকে বিরত ছিল। এছাড়াও কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে ওষুধটির।
পুরুষদের জন্য প্রচলিত যৌন উত্তেজনা বৃদ্ধিকারী ওষুধগুলো যৌনাঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করে কাজ করে। তবে 'অ্যাডি' এরকম তাৎক্ষণিকভাবে কার্যকর নয়। ওষুধটি নারী মস্তিষ্কে যৌন আকাঙ্ক্ষার জন্য প্রয়োজনীয় রাসায়নিকের পরিমাণ বৃদ্ধি করে দীর্ঘমেয়াদে কাজ করে। সূত্র: বিবিসি

