সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের সফল যুদ্ধের কারণেই ব্লগার হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সন্ত্রাসীরা ব্যাপক আকারে হামলা চালাতে ব্যর্থ হয়েই এসব বিচ্ছিন্ন হামলা চালিয়েছে।’
এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় লিখেছেন, ‘আমরা কয়েকজনকে গ্রেফতার করেছি এবং তদন্ত কার্যক্রম এখনও চলছে। আমরা বেশ কিছু তথ্য উন্মুক্ত করিনি যেন তদন্তগুলো ক্ষতিগ্রস্ত না হয়। যেসব লোকেরা তাত্ক্ষণিক গ্রেফতার দাবি করেন তারা অবুঝ বোকা লোক। কাদের গ্রেফতার করা উচিত আমাদের? যাকে তাকে খেয়াল খুশিমত আমরা গ্রেফতার করতে পারি না। আমাদের গ্রেফতার করতে হবে খুনিদের। আমাদের তদন্ত তাদের দিকেই ধাবিত হচ্ছে এবং অবস্থান চিহ্নিত হওয়া মাত্র তাদের আমরা গ্রেফতার করবো। অজ্ঞাত এই ব্যক্তিরা পলাতক ও আত্মগোপনে আছে। আপনারা যদি জানেন তারা কারা এবং কোথায় আছে, তাহলে পুলিশকে জানান, আমরা তাদের গ্রেফতার করবোই। কিন্তু যদি তাদের পরিচয় এবং কোথায় আছে তা না জানেন তাহলে বিষয়টা পেশাদারদের ওপর ছেড়ে দিন।

