হজযাত্রীদের প্রতি পবিত্র জায়গায় দেশের জন্য দোয়া করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এবারের হজক্যাম্পের উদ্বোধনকালে এ আহবান জানান তিনি।
বিমানবন্দরের বাইরে আশকোনার হজক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে এবং নিরাপদে হজ পালনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। হজ ব্যবস্থাপনাকে আধুনিক করা হয়েছে বলেও জানান তিনি।
হজযাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা পবিত্র স্থানে যাচ্ছেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। আমার জন্যও দোয়া করবেন যাতে দেশবাসীর কল্যাণে কাজ করে যেতে পারি।
নিজের হজ যাত্রার অভিজ্ঞতা স্মরণ করে শেখ হাসিনা বলেন, অতীতে অনেক কষ্ট করে হজ করতে যেতে হতো। কিন্তু আওয়ামী লীগ সরকার গঠনের পর হজ যাত্রীদের অসুবিধা দূর করতে সচেষ্ট রয়েছে।
