ফ্লাইট শুরুর কয়েক ঘণ্টা আগে হুইস্কি ও বিয়ার খাওয়ার কথা স্বীকার করার পর লাটভিয়ার এক জন কো-পাইলটকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এয়ার বাল্টিকের এই কো পাইলট গত ৭ আগস্ট মদ খেয়ে নরওয়ে থেকে গ্রিসের ক্রেটে একটি ফ্লাইট পরিচালনা করেছিলেন।
একই অপরাধে ওই বিমানের আরো দুজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে ৪৫ ও ৬০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রচুর পরিমাণে মদ খাওয়ার পর কো পাইলটের রক্তে উচ্চ মাত্রায় অ্যালকোহল সনাক্ত করে কর্তৃপক্ষ। তার রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে সাত গুণ বেশি অ্যালকোহল পাওয়া যায়।
আদালতের কাছে তারা স্বীকার করেন যে বিয়ার খাওয়ার আগে তিনি তার সহকর্মীদের নিয়ে দুই বোতল হুইস্কি শেষ করেছিলেন। রক্ত পরীক্ষায় কো-পাইলটের দেহে প্রতি মিলি লিটার রক্তে এক দশমিক ৩৫ মিলিগ্রাম ইথানল পাওয়া যায়। রক্তে ইথানলের অনুমোদিত মাত্রা হল প্রতি মিলিলিটারে দশমিক দুই মিলিগ্রাম। সূত্র: বিবিসি

