সিলেটে আরেক শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা

S M Ashraful Azom
সিলেটে শিশু রাজন হত্যার পর এবার শহরতলীর ঘোপালে আরো এক শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। নিহত শিশুটির নাম আকমল হোসেন (১১)। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পাহাড়পুর (পূর্ব রাজনপুর) গ্রামের দিনমজুর এখলাছ মিয়ার পুত্র। এ ঘটনায় নিহত আকমলের পিতা এখলাছ মিয়া বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
 
গত ২০ আগস্ট  বিকাল সোয়া ৪টার দিকে ঘোপালস্থ ফুড মার্ক ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী সংলগ্ন বাথরুমে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুলিশ ময়না তদন্ত শেষে আকমলের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে। শুক্রবার মাগরিবের পর নামাজের জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
আকমলের ৪ ভাই ও ২ বোন। ভাইদের মধ্যে আকমল তৃতীয়। পুলিশ জানায়, ফ্যাক্টরীর একটি বাথরুমের ভাঙা দেয়ালের মাঝখান থেকে তাকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হয়েছিল। জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, মামলাটির রহস্য উদঘানের জন্য তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
এ মামলার আসামিরা হচ্ছে- শহরতলীর টুকেরবাজার ঘোপাল এলাকার লন্ডনী বাড়ি ও ফুড মার্ক ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক হাজী মো. ওহাব আলী ও গোলাপগঞ্জ থানার ফুলসাইন্দ গ্রামের আব্দুর রহমান। দ্বিতীয় আসামি বর্তমানে ঘোপাল ফুড মার্ক ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মিস্ত্রি। এছাড়া আরো ৫ জন অজ্ঞাত ব্যক্তি এই তালিকায় আছেন।
 
মামলার বিবরণীতে বলা হয়, জালালাবাদ থানা এলাকার ঘোপালস্থ ফুড মার্ক ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে আকমল হোসেন ২ বছর ধরে ১৩শ টাকা বেতনে কাজ করে আসছিল। ঘটনার ৫-৬ দিন আগে ফ্যাক্টরির মালিক ওহাব আলী ও মিস্ত্রি আব্দুর রহমানের কাছে আকমলের পিতা এখলাছ মিয়া বকেয়া বেতনের টাকা চাইতে গেলে তাদের সাথে তার কথা কাটাকাটি হয়। এর পর থেকে ওহাব ও আব্দুর রহমান প্রায়শ আকমলকে নির্যাতন করে আসছিল।
 
গত ২০ আগস্ট বিকালে তাকে নির্যাতন করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঐ দিন পুলিশ ওসমানী হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে মর্গের হিমাগারে রেখে দেয়। পরে রাতে ছেলের খবর পেয়ে আকমলের পিতা ওসমানী হাসপাতালে ছুটে যান। উল্লেখ্য, শহরতলীর কুমারগাঁওয়ে গত ৮ জুলাই শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হলে দেশ-বিদেশে নিন্দা ও ক্ষোভের ঝড় বয়ে যায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top