সত্য ঘটনা অবলম্বনে তৈরি কেতন মেহতার ছবি ‘মাঁঝি- দ্য মাউন্টেন ম্যান' শুক্রবার ভারতের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে। স্ত্রীর প্রতি ভালবাসা থেকে দীঘ ২২ বছর একাকী পাহাড় কেটে রাস্তা তৈরি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এ চলচ্চিত্রটি।
কতটা ভালবাসা থাকলে শুধুমাত্র হাতুড়ি মেরে পাহাড় ভেঙে ফেলতে পারে একটা মানুষ! প্রিয়জনের শোকে পাগল হয়ে ২২ বছর ধরে পাহাড় ভেঙে রাস্তা তৈরি করতে পারে কেউ? বিহারের দশরথ মাঁঝি সেই অসাধ্য সাধন করেছিলেন। কোনো বীরত্ব দেখাতে নয়, স্ত্রীর মৃত্যুশোকে পাগল হয়ে। কারণ এই পাহাড়ই কেড়ে নিয়েছিল দশরথের স্ত্রীর প্রাণ।
পাহাড় ডিঙিয়ে পানি আনতে গিয়ে দশরথের স্ত্রী ফাগুনিয়া দেবী পাহাড় থেকে পড়ে মারা যান। প্রাণের চেয়ে প্রিয় স্ত্রীর মৃত্যুশোক দশরথকে তাড়িয়ে নিয়ে যায় সেই পাহাড়ের কাছে। তখনই গেহলৌরের ওই পাহাড়ের চোখে চোখ রেখে তার অহংকারকে চুরমার করার প্রতিজ্ঞা করেন।
১৯৬০ থেকে শুরু করে ২২ বছর ধরে হাতুড়ি দিয়ে অক্লান্ত পরিশ্রমের পর পাহাড় ভেঙ্গে রাস্তা তৈরি করেন দশরথ।
দশরথের কাহিনী কেতন মেহতাকে এতটাই মুগ্ধ করেছে যে তিনি তার জীবনসংগ্রাম নিয়ে আস্ত ছবি বানিয়ে ফেলেছেন। বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা নওয়াজউদ্দিন বলেন, অভিনয়ের প্রতি, কাজের প্রতি প্যাশনটাই তাকে এত কঠিন চরিত্র নিয়ে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে৷ উত্তর প্রদেশের নওয়াজ বিহারের গয়ার কাছে অবস্থিত গেহলৌরের ছোট্ট গ্রামের বাসিন্দা দশরথের মধ্যে নিজের জীবনের লড়াইকে খুঁজে পেয়েছেন৷
দশরথ মাঝির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তিনিও বললেন, দশরথ ও ফাগুনিয়ার রসায়ন বর্তমান যুগের প্রেম কাহিনিকেও হার মানাবে। দু'জনের মধ্যে ঝগড়া, খুনসুটি, মান-অভিমান, আবার পরমুহূর্তেই প্রেম। প্রেমের জন্য স্ত্রীর মৃত্যুতে কোমরে দড়ি, হাতে হাতুড়ি নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন পাহাড় ভাঙতে। ওদের প্রেমকাহিনীর মধ্যে প্যাশনটাই সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল রাধিকাকে।
নওয়াজের ভাষায়, অত্যন্ত কঠিন ছিল দশরথের চরিত্রে অভিনয় করা। তার মতে, দর্শকের চাহিদা পূরণ করতে পারবে এই ছবি।
পরিচালকের ভাষায়, দর্শকের কাছে এখন কাল্পনিক গল্পের থেকে বাস্তবের চাহিদা বেশি। দশরথের গল্পেও সেই রসদ রয়েছে বলে মনে করেন কেতন। তাই তিনি অনেকটাই আশাবাদী এই ছবি নিয়ে।
২০০৬ সনে মাঝিকে পদ্মশ্রী পুরস্কার দেয়া হয়। ২০০৭ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান দশরথ। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। সূত্র: এএফপি

