‘অবৈধ সিম বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে সরকার’

S M Ashraful Azom
সাত দিনের একটি ক্রাশ প্রোগ্রামে সব অনিবন্ধিত সিম বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার সচিবালয়ে এক আলোচনাসভায় একথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
তিনি বলেন, ‘বিটিআরসির একটি মোবাইল টিম আছে। সেই টিমই এই উদ্যোগ নেবে। কোন চক্রের মাধ্যমে এই সিমগুলো অবৈধভাবে বিক্রি হচ্ছে সেই সূত্রটি আমরা ধরতে চাই।’ অবৈধ সংযোগ বন্ধে শিগগিরই বড় ধরনের অভিযান চালানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মোবাইল কোর্ট যাতে বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম চালাতে পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য একটি খসড়া চিঠি আমরা তৈরি করেছি।’
 
অবৈধ সিম বাজেয়াপ্তের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে—জানিয়ে তারানা হালিম বলেন, ‘ঢাকার মতো জেলা শহরগুলোতেও যাতে অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ সিম বিক্রিকারীদের শাস্তি দেওয়া যায়, সেই ব্যবস্থা করছি। জরিমানা থেকে শুরু করে আইনের যে বিধান আছে সেগুলো যাতে তারা প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে তাদের কাছে নির্দেশনা পাঠানো হবে।’
 
গত ১৩ আগস্ট তারানা হালিম নিজেই রাজধানীতে অবৈধ সিম যাতে কেউ বিক্রি না করে সে লক্ষ্যে কয়েকটি দোকানে সচেতনতামূলক কার্যক্রম চালান। পাঁচ দিনের মধ্যে অবৈধ সিম অপসারণের উদ্যোগ নেওয়ারও ঘোষণা দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। আশা করি এরই মধ্যে দেয়া ঘোষণা আমরা বাস্তবায়ন করতে পারব।’
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘দল যার যার, বঙ্গবন্ধু সবার। সরকারি চাকুরে হিসেবে আমাদের দল করতে বাধা আছে। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিভাজন থাকা চলবে না। বঙ্গবন্ধু কোনো একক দলের না। বঙ্গবন্ধু সবার, বাংলাদেশের।’ সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top