বাংলাদেশের ছেলে মিঠুন চক্রবর্তী। কিন্তু বলিউড এবং টালিউডের দাদা তিনি। ক্যারিয়ারে এ পর্যন্ত ২৫০টিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন ৬৫ বছর বয়সী এই অভিনেতা। তবে বাংলাদেশের খুব কম সিনেমাতেই দেখা গেছে তাকে। সেই গল্পটিও দীর্ঘদিন আগের। তারপর ঢালিউডের কোনো চলচ্চিত্রে আর দেখা মিলেনি তার। তবে সম্প্রতি পরিচালক হাসান জাকির ও রাশিদ পলাশের যৌথ পরিচালনায় ‘জন্মভূমি’ চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানা যায়। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক হাসান জাকির। চলচ্চিত্রটির শুটিং হবে বাংলাদেশে ও ভারতের বেঙ্গালুরুতে। চলতি বছরের ডিসেম্বরে প্রথম লটের শুটিং শুরু হবে। আর শুটিংয়ে অংশ নিতেই ঢাকায় আসবেন মিঠুন। এ বিষয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি সিনেমাটির চিত্রনাট্য পড়েছি, আর পড়ে সিদ্ধান্ত নিয়েছি সিনেমাটিতে কাজ করবো। ছবির গল্পে ১৯৪৫ থেকে ১৯৭১-এর পর পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটি একটি ভিন্ন ধাঁচের সিনেমা। আর বাংলাদেশে আবারও কাজ করবো, পাশাপাশি গল্পটিও মিলে গেছে। এটিই আমার কাছে আনন্দের।’
ঢাকাই সিনেমায় মিঠুন চক্রবর্তী
আগস্ট ২৪, ২০১৫

