জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। স্বাধীনতার পর এই প্রথম প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সরকারি ভাবে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে সচিবালয় ক্লিনিকের সামনে এ রক্তদান কর্মসূচি শুরু করা হয়। জনপ্রশাসন সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু। তিনিই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।বাঙালী জাতি তাকে কখনো ভুলতে পারবে না।এই ধরনের কর্মসূচির মাধ্যমে তাকে বার বার স্মরণ করতে হবে।
পরে রক্তদান কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী কর্মসূচিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তা এবং কর্মচারিরা অংশ নিচ্ছেন।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রশাসনের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারি রক্তদান করেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, এর আগে ১৯৯৬ সালে ড. মহিউদ্দিন খান আলমগীর এ ধরনের একটি উদ্যোগ নিলেও সেসময় প্রশাসনের কিছু কর্মকর্তার বিরোধীতায় তা করা হয়নি।তবে তখন থেকে আনুষ্ঠানিকভাবে কিছু কর্মসূচি পালন করেছে।
