ভাগ্য সহায়ক বলেই কথা, না হয় এতক্ষণে বলিউডে বয়ে যেত শোকের মাতম! গত সোমবার সন্ধ্যায় ব্যাংককে হওয়া বোমা বিস্ফোরণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী দম্পতি রিতেশ দেশমুখ ও তার স্ত্রী জেনেলিয়া দেশমুখ।
যখন বিস্ফোরণ ঘটেছিল ঠিক তখনই পাশের একটি শপিংমলে কেনাকাটা করছিলেন তারা। এ বিস্ফোরণের কিছুক্ষণ পরেই তারা টুইট করে নিজেদের নিরাপদে থাকার কথা জানিয়ে দেন। যদিও বিস্ফোরণ আর মৃত্যুকে খুব কাছ থেকে দেখে জেনেলিয়া অনেকটাই ভেঙে পড়েছিলেন।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকায় জোরালো বিস্ফোরণ হয়। যা একটি হিন্দু মন্দিরের বাইরে ঘটে। এই ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২৭ জন। তবে এখনও প্রতিঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

