মামলা উত্তোলন না করায় দিনাজপুরের চিরিরবন্দরে গাছের সাথে বেঁধে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানীর শিকার হয়েছেন এক নারী। মুমূর্ষু অবস্থায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সক জানিয়েছেন, আঘাতের ফলে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষত হয়েছে। ঐ গৃহবধূ চিরিরবন্দর উপজেলার ৬নং আউলিয়াপুকুর ইউনিয়নের গালতৈড় কাঁচলডাঙ্গা গ্রামে এর আগে গত ১০ জুলাই নির্যাতনের শিকার হয়েছিলেন। নির্যাতনের বিচারের জন্য মামলা দায়ের করলেও পুলিশের ভূমিকার কারণে দ্বিতীয় দফায় নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ রয়েছে।
গত ২৭ জুলাই নির্যাতিত গৃহবধূর পিতা ৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এর পর থেকেই মামলা তুলে নেয়ার জন্য আসামিরা তার পরিবারকে হুমকি দেয়। এই ঘটনার জের ধরেই গত সোমবার সন্ধ্যায় একই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে সহিদুল মাস্টার, মকবুল হোসেনের ছেলে মঞ্জুরুল ইসলাম ও মৃত খয়ের উদ্দিনের ছেলে রকিবুল ইসলাম তাকে পুকুরের পাড়ে আমগাছে বেঁধে নির্যাতন করে।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান জানান, ঘটনা জানার পর পরই অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের কাউকেই পাওয়া যায়নি। আগের মামলাটির আসামিদের আটক করা হয়েছিল। তারা আদালতের মাধ্যমে জামিনে রয়েছেন।

