পুরুষ বিভাগে সিনসিনাটি মাস্টার্স টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ, তৃতীয় বাছাই ব্রিটেনের এন্ডি মারে, পঞ্চম বাছাই সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ারিঙ্কা ও অষ্টম বাছাই স্পেনের রাফায়েল নাদাল।
চলতি মাসের শেষে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। এ টুর্নামেন্টকে সামনে রেখে রজার্স কাপের পর এখন সিনসিনাটি মাস্টার্সে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টেনিস খেলোয়াড়রা। ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকে গেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচ। দ্বিতীয় রাউন্ডের জকোভিচের প্রতিপক্ষ ছিলেন অবাছাই ফ্রান্সের বেনোইট পেয়ার। ৭-৫ ও ৬-২ গেমে জিতে তৃতীয় রাউন্ডে পা রাখলেন জকোভিচ।
জকোভিচের মত দুই সেটেই দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতেছেন সদ্য রজার্স কাপ জয় করা মারে। দ্বিতীয় রাউন্ডের মারের প্রতিপক্ষ ছিলেন দু’বছর পর কোর্টে ফেরা অবাছাই যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশ। প্রথম সেট ৬-৪ গেমে জিতে শুভ সূচনাই করেন মারে। তবে পরের সেটে দারুণ লড়াই করেন ফিশ। ম্যাচে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন ফিশ। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে হার মানতে হয় ফিশকে। ৭-৬ (৭/১) গেমে দ্বিতীয় সেট জিতে তৃতীয় রাউন্ডে নাম লেখান মারে।
কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ওয়ারিঙ্কা। ৬-৩ গেমে ম্যাচের প্রথম সেট জিতেন ওয়ারিঙ্কার প্রতিপক্ষ অবাছাই ক্রোয়েশিয়ার বর্না কোরিচ। দ্বিতীয় সেটেও জয়ের আভাস দিয়েছিলেন কোরিচ। কিন্তু টাইব্রেকারে গড়ানো সেটটি ৭-৬ (৭/৩) গেমে জিতে নেন ওয়ারিঙ্কা। ম্যাচে সমতা এনে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ওয়ারিঙ্কা তৃতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়ানোর সুযোগই দেননি। ৬-৩ গেমে ঐ সেট জিতে তৃতীয় রাউন্ডের নিজের খেলা নিশ্চিত করেন ওয়ারিঙ্কা।
রজার্স কাপের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নেয়া নাদাল, সিনসিনাটি মাস্টার্সেও দ্বিতীয় রাউন্ডে সহজ জয়ের স্বাদ পেয়েছেন। অবাছাই ফ্রান্সের জার্মি চার্ডিকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন নাদাল। খবর- বাসস

