শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নুরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর এই ব্যবস্থা নেয়া হল। তিনি সাতক্ষীরা জজ কোর্টের দেবহাটা আদালতের দায়িত্বে ছিলেন।
বুধবার বিকেলে নুরুল ইসলামের পলাশপোলস্থ ভাড়া বাসায় নির্মম নির্যাতনের শিকার হয় ১০ বছর বয়সী গৃহকর্মী। শিশুকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
শিশুটির নাম বিথী। সে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বড় আমিনীয়া গ্রামের গোলাম রসুলের মেয়ে।
এর আগে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার সাঈদ জানান, বুধবার বিকেলে গোপন সংবাদে তারা জানতে পারেন, সাতক্ষীরা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম ও তার স্ত্রী নাতাশা তাদের বাসায় থাকা কাজের শিশুটিকে প্রায়ই নির্যাতন করতেন। বুধবার দুপুরেও শিশুটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি জানতে পেরে তারা বাসার দরজা খোলেননি। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস আসার পর পুলিশ ওই বাসায় ঢুকে মেয়েটিকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করেন। মেয়েটির মাথার চুল কাটা ছিল এবং হাতে, পিটে ও নিতম্বে আগুনে পোড়া ক্ষতসহ একাধিক স্থানে ক্ষত দেখতে পান সেখানে উপস্থিত কর্মকর্তারা। গুরুতর আহত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা সেখানে থেকে হাসপাতালেও যান। তিনি এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, শিশুটির সব ধরনের আইনি সহায়তা নিশ্চিত করা হবে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, শিশুটির শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

