জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম জাতীয় শোক দিবস উপলক্ষে এক যৌথ বিবৃতিতে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন রাজনৈতিক ব্যক্তিই ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেমের এক জ্বলন্ত উদাহরণ।
ত্যাগের মহিমায় ভাস্বর একজন রাজনীতিক, অপূর্ব সাংগঠনিক ক্ষমতার অধিকারী এক ব্যক্তিত্ব এবং বাঙালী নামক জাতির স্রষ্টা। দেশ ও জনগণের কল্যাণে, শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন সবময়ই অগ্রগণ্য। দেশবাসীর অধিকার রক্ষায় তিনি ছিলেন অতন্দ্র প্রহরী। সেদিন তাই ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে কেবল একজন মহামানবকেই হত্যা করেনি, হত্যা করেছিল তার আদর্শ।
কিন্তু ইতিহাস প্রমাণ করে যে, মহামানবের আদর্শকে হত্যা করা যায় না। বঙ্গবন্ধুর ক্ষেত্রেও এ কথা সত্য। তারা সেদিন ব্যক্তি মুজিবকে হত্যা করতে পারলেও মৃত্যুঞ্জয়ী মুজিবকে হত্যা করতে পারেনি। নেতৃদ্বয় বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কতম অধ্যায়ই নয়, করুণতম অধ্যায়ও বটে।
সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে নেতৃদ্বয় বিনম্র শ্রদ্ধায় ও অকৃত্রিম ভালোবাসায় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণ করে বলেন, যে নেতার জন্ম না হলে আজ বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ, তার শাহাদাত বার্ষিকীতে সমগ্র জাতি তাকে স্মরণ করবে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায়। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করি এবং তার মতো দেশপ্রেমের অগ্নিমন্ত্রে নিজেদের দীক্ষিত করি। যতদিন এই স্বাধীন বাংলা থাকবে, ততদিন বঙ্গবন্ধু জীবিত থাকবেন। কারণ বাংলাদেশ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু সমার্থক।

