সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চালক শ্রীনন্দ পাত্র (৩০) হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিচ্ছেন গ্রেফতার তানজিন আহমদ রুবেল।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় তাকে সিলেট প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহেদুল করিমের আদালতে হাজির করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা আসামিকে আদালতে হাজির করেছেন।
গ্রেফতার তাজনীন আহমদ রুবেলের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বসন্তপুরে। অটোরিকশা চালক শ্রীনন্দ পাত্র হত্যাকাণ্ডে জড়িত হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে, পুলিশী জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন, শ্রীনন্দ হত্যায় সব মিলিয়ে তারা পাঁচজন অংশ নেন। হত্যার পর তারা লাশ ফেলে দেন হাওরে। ছিনতাই করা অটোরিকশাটি হজম করতে চালককে হত্যা করেন তারা।
এর আগে, গত ১৯ আগস্ট রাতে বাড়িতে ফেরার পথে খাদিম সুরমা বাইপাস হতে শ্রীনন্দের অটোরিকশা ছিনতাই হয়। সেই সঙ্গে তাকেও অপহরণ করা হয়। অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি ধামাচাপা দুর্বৃত্তরা তাকে ওই রাতেই হত্যা করেন। এরপর ওই রাতে তারা লাশ মোগলাবাজার ও গোলাপগঞ্জ থানার মধ্যবর্তী রাখালগঞ্জের মানিকমারা হাওরে ফেলে দেন।
রুবেলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ওই হাওর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শ্রীনন্দের লাশ উদ্ধার করে পুলিশ।
