গেল সপ্তাহে শেয়ারবাজারে আর্থিক খাতের শেয়ারের চাহিদা বেড়েছে। এ সপ্তাহে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের বাজার মূলধন বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। আর ব্যাংকের বাজার মূলধন বেড়েছে ৩ দশমিক ১৫ শতাংশ। গত সপ্তাহে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও সেবা ও ট্যানারি খাতের বাজার মূলধন বেশ ভালোই বেড়েছে। বিপরীতে মিউচুয়াল ফান্ড ও সিমেন্ট খাতে বাজার মূলধন কমেছে।
তথ্যে দেখা গেছে, গেল সপ্তাহে ওষুধ ও প্রকৌশল খাত লেনদেনের শীর্ষস্থানে থাকলেও ব্যাংক খাতের লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে প্রায় ৪৮ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে গড়ে ৬১ কোটি ৮৩ লাখ টাকার কেনাবেচা হয়েছে ব্যাংক খাতে। এর মধ্যে ৪৮ শতাংশ এসেছে ইসলামী ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের শেয়ার কেনাবেচা থেকে।
বাজার সংশিস্নষ্টরা বলছেন, গেল অর্ধবার্ষিকীতে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশের মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। আর ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আয়ে মিশ্র অবস্থা দেখা গেছে। তবে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক কোম্পানিগুলোর শেয়ারদর অনেক নিচে থাকায় এবং অধিকাংশ কোম্পানি তুলনামূলক ভাল মুনাফা করায় এসব কোম্পানিতে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। এজন্য গেল সপ্তাহে এ খাতের বাজার মূলধন বেড়েছে।
ব্যাংকের আর্থিক প্রতিবেদন বিশেস্নষণ করে দেখা গেছে, চলতি অর্ধবার্ষিকীতে ১৭টি ব্যাংকের মুনাফা আগের বছরের প্রথমার্ধের চেয়ে বেড়েছে। সবচেয়ে বেশি মুনাফা করেছে ইসলামী ব্যাংক। এছাড়া প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউসিবিএল, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের মুনাফা উলেস্নখযোগ্য হারে বেড়েছে। ব্যাংক সংশিস্নষ্টরা বলছেন, খেলাপি ঋণ কমে যাওয়া ও বড় অঙ্কের বেশকিছু ঋণ পুনর্গঠন হওয়ায় ব্যাংক খাতের মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে। তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে আইএফআইসি ব্যাংক শেয়ারের দর। ব্যাংকটির শেয়ারদর এ সপ্তাহে ১৮ শতাংশ বেড়েছে। এছাড়া পূবালী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ। আর এসআইবিএলের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ১।
এদিকে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের ২৩ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ারদর। এছাড়া দ্বিতীয় প্রান্ত্মিকে আইসিবির ইপিএস সামান্য কমলেও গত সপ্তাহে এর শেয়ারদর ৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

