লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় জমি দখল নিয়ে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় দুই পক্ষের নয় নারীসহ ১০জন আহত হয়েছেন।
উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আদিতমারী ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার পাঠানটারী এলাকার আব্দুর রহমান ও মোক্তার আলীর জমি নিয়ে বিরোধ র্দীঘদিনের। জমি বিরোধের ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়। এ নিয়ে শুক্রবার রাতে দুই পরিবারের নারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১০জন আহত হন।
আহতরা হলেন, পাঠানটারী গ্রামের আনছার আলীর স্ত্রী আলেয়া বেগম (৭২), আবুলের স্ত্রী আমেনা বেওয়া (৬৫), নেছামুদ্দিনের স্ত্রী বছিরন বেওয়া (৭০), আনছার আলীর ছেলে সালাম মিয়া (৩০), মোক্তার আলীর স্ত্রী মোহসেনা বেগম (৬০), সমছার আলীর স্ত্রী বুলবুলী বেগম(৪৫), আব্দুর রহমানের স্ত্রী জোবেদা বেগম (৬৫) ও আবেয়া বেগম (৫৫), মান্নানের স্ত্রী রহিমা বেগম (৪০), মালেকের ছেলে মাজেদুল ইসলাম (১৮)।
অগ্নিসংযোগের খবর পেয়ে লালমনিরহাটের দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে মোক্তার আলীর দুইটি ঘর আগুনে পুড়ে যায়।
মোক্তার আলীর জানান, তার ৭৭শতাংশ জমি র্দীঘদিন থেকে জবর দখলের চেষ্টা করে ওই এলাকার প্রভাবশালী আব্দুর রহমানসহ তার লোকজন। এ নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। তিনি আরো দাবি করেন শুক্রবার সন্ধ্যায় তার বাড়ির পুরুষরা বাজারে গেলে আব্দুর রহমানের লোকজন লাঠিশোঠা নিয়ে ওই জমির উপর থাকা ঘর ভেঙ্গে নিয়ে যায়। এ সময় তার বাড়ির নারীরা বাধা দিতে গেলে তাদের রশি দিয়ে বেধে মারপিট করে বাড়িতে অগ্নিসংযোগ করে চলে যায়।
অপরদিকে, আব্দুর রহমানের দাবি, ওই ৭৭ শতাংশ জমির প্রকৃত মালিক তিনি। মোক্তার আলীর লোকজনেই তার পরিবারের লোকজনের উপর হামলা করেছে। আব্দুর রহমান আরো জানান, নিজেরা নিজেদের বাড়িতে অগ্নিসংযোগ করে তার কাধে দোষ চাপানোর অপচেষ্টা করছে।
আদিতমারী থানার ওসি আকতার হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।