এখনো খোঁজ মেলেনি টেকনাফ উপজেলা চেয়ারম্যানের ছেলের

S M Ashraful Azom
অপহরণের ২৪ ঘন্টা পার হয়ে গেলেও কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের কোনো খোঁজ মেলেনি।
 
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় বলে দাবি করে আসছেন তার পরিবার। এ ঘটনায় অপহূত মোস্তাকের বাবা উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।
 
এদিকে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে টেকনাফ পৌর যুবলীগ সভাপতি মনজুরুল করিম সোহাগের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মোস্তাককে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফেরত আনতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
 
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ বলেন, অস্ত্রের মুখে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর লোক পরিচয় দিয়ে আমার বড় ছেলে মোস্তাককে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। ছেলের সন্ধানে আমি কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-৭ ও বিজিবির সাথে দেখা করে তাদের কাছে আমার ছেলের কোনো খোঁজ আছে কি না জানতে চাইলে কিছু জানে না বলে জানান। এ নিয়ে আমার পরিবার খুব উদ্ধিগ্ন।
 
তিনি প্রশ্ন তোলেন, কক্সবাজার-টেকনাফ সড়কে প্রশাসনের এতগুলো চেকপোস্ট থাকার পরও আমার ছেলেকে টেকনাফ থেকে অপহরণ করে কিভাবে নিয়ে গেল?
 
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, কে বা কারা তুলে নিয়েছে সে ব্যাপারে কোনো সংস্থা কিছুই জানায়নি। খোঁজ খবর নেয়া হচ্ছে।
 
প্রসঙ্গত প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য মতে, মঙ্গলবার রাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ পুকুর সংলগ্ন এলাকায় দুটি গাড়ি অবস্থান করছিল। কিছুক্ষণ পর ওই গাড়ি থেকে পাঁচজন লোক নেমে জাফর চেয়ারম্যানের বাড়ির সামনে যায়। এ সময় জাফর চেয়ারম্যানের বড় ছেলে মোস্তাক বাড়ি থেকে বের হয়ে একটি চেয়ারে বসলে প্রথমে দুজন লোক তার দিকে ছুঁটে এসে মাথায় অস্ত্র ধরে। এ সময় সে চিত্কার করলে আরও তিনজন অস্ত্রধারী লোক এসে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে টেকনাফ বাসষ্টেশন হয়ে কক্সবাজারের দিকে চলে যায়। মোস্তাককে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে যুবলীগ ও স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ করে বাস স্টেশন এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এর কিছুক্ষণ পরে এলাকায় মাইকিং করে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top