সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বাঘাইছড়িতে ৫ সন্ত্রাসী নিহত ১ সেনা সদস্য আহত, অস্ত্র ও গুলি উদ্ধার

S M Ashraful Azom
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে ৫ সন্ত্রাসী নিহত ও ১ সেনা সদস্য আহত হয়েছেন। উদ্ধার হয়েছে সন্ত্রাসীদের ব্যবহূত অস্ত্র ও গুলি। নিহতরা হলেন রুপায়ন চাকমা (২১), প্রকাশ চাকমা (২৫), শান্তি মারমা (২৮), বাপু ত্রিপুরা (৪৫) ও বাবু চাকমা (২০)। গতকাল শনিবার ভোরে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দোখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার সিদ্দিকীর নেতৃত্বে একটি সেনাদল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা জবাব দিলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলে অন্তত ৫ উপজাতীয় সন্ত্রাসী নিহত হয়। গুলিবিদ্ধ হন এক সেনা সদস্য। তার নাম কর্পোরাল লিয়াকত আলী। আহত সেনা সদস্যকে উদ্ধার করে খাগড়াছড়ি সেনা হাসপাতালে নেয়া হয়।
 
এ সময় সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে টিকে থাকতে না পেরে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৭টি অস্ত্র ও ৫০০ রাউন্ড গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহূত পোশাক। এখনো সেনাবাহিনী ঐ এলাকায় তল্লাশি চালাচ্ছে। এই ঘটনার পর বাঘাইছড়ির করেঙ্গাতলী এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বেশ কয়েকটি টিম বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এই ঘটনার পর থেকে বাঘাইছড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
 
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে মেশিন গান ১টি, পিস্তল ১ টি, এসএমজি ১টি, রাইফেল ২টি, এসএলআর ৩টি এবং সন্ত্রাসীদের ব্যবহূত ৩টি পোশাক। উদ্ধারকৃত গুলির মধ্যে রয়েছে ১২০ রাউণ্ড রাইফেলের গুলি, ৮৪ রাউণ্ড এসএমজি’র গুলি, ১৪৫ রাউণ্ড এসএলআরের গুলি, ৯৪ রাউণ্ড পয়েন্ট টু টু বোর রাইফেলের গুলি, ৭ রাউণ্ড পিস্তলের গুলি।
 
স্থানীয় গ্রামবাসী জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীরা এই এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করছিলো। গতকাল ভোর রাতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধের সময় আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। সেনাবাহিনীর গুলির মুখে টিকতে না পেরে কিছু সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়।
 
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ফকির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলি বিনিময়ের ঘটনায় ৫ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে।
 
এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেনা অভিযানে ৫ সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি দুর্গম এলাকায় হওয়ায় আদৌ কি ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
 
রাঙ্গামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান বলেন, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের সিও-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বাঘাইছড়ি করেঙ্গাতলীর দোখাইয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়তে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এই সময় উভয় পক্ষের মাঝে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া ৮ অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করে।
 
এদিকে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে বলেছেন, রাঙ্গামাটির বাঘাইছড়ির বড়াদামে শনিবার ভোরে সেনাবাহিনীর সঙ্গে “সন্ত্রাসীদের” সংঘর্ষের ঘটনায় ইউপিডিএফকে জড়িয়ে কোনো কোনো সংবাদ মাধ্যমে যে রিপোর্ট প্রচারিত হচ্ছে তা আদৌ সত্য নয়।
 
প্রচারিত সংবাদে এই ঘটনার সঙ্গে ইউপিডিএফকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কার সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং আটককৃত ও নিহতরা কারা তা পরিষ্কার জানা থাকা সত্ত্বেও একটি বিশেষ মহল ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে ইউপিডিএফের নাম জড়াতে চাইছে।
 
৮ মাসে ১৫ জন নিহত
 
রাঙ্গামাটি পার্বত্য জেলায় পার্বত্য চুক্তির পক্ষ-বিপক্ষ ও সংস্কার গ্রুপের মধ্যে চলমান সংঘাত ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ৮ মাসে ১৫ জন নিহত হয়েছে। এছাড়াও আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত চলে পাহাড়ে বন্দুকযুদ্ধ।
 
গত ৯ ফেব্রুয়ারি রাঙ্গামাটির সাপছড়িতে চুক্তি পক্ষ-বিপক্ষের বন্দুক যুদ্ধে নিহত হয়েছে ১জন, ২১ মার্চ কাউখালীতে চুক্তি পক্ষ-বিপক্ষের বন্দুক যুদ্ধে নিহত হয়েছে ১জন, ৩ এপ্রিল বাঘাইছড়ির মাচালং এ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছে ২জন, ২৩ মে রাঙ্গামাটির লক্ষ্মীছড়িতে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে ১জন, ১৪ জুন রাঙ্গামাটির লংগদুর ভাইবোনছড়ায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফ-এর তিন কর্মী নিহত, ২৫ জুলাই রাঙ্গামাটির মগবান ইউনিয়নের লেমুছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ নিহত-২,  ১৫ আগষ্ট রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে উপজাতীয় সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়, ৫ উপজাতীয় সন্ত্রাসী নিহত, ১ সেনা সদস্য আহত হয়েছেন।
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top