৮৯তম জন্মদিন উপলক্ষে জাতির উদ্দেশে লেখা খোলা চিঠিতে কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলা নিয়ে কোনো কিছুই বলেননি। প্রায় অর্ধ শতাব্দির মার্কিন নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের কাছে কিউবার বহু মিলিয়ন ডলার পাওনা রয়েছে বলে চিঠিতে মন্তব্য করেন তিনি। শুক্রবার কিউবার রাজধানী হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় খোলা হবে।
রাষ্ট্রীয় সংবাদপত্র গ্রানমায় প্রকাশিত জন্মদিনের চিঠিতে ক্যাস্ত্রো বলেন, 'আমাদের গোলার্ধে শুভ ইচ্ছা এবং শান্তির জন্য' কিউবা প্রতিশ্রুতিবদ্ধ। গায়ের রং এবং জাতীয়তাকে পাত্তা না দিয়ে শান্তি ও কল্যাণের জন্য আমরা কখনো আমাদের লড়াই বন্ধ করবো না।'
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ৫৪ বছর পর পুনরায় খোলা হবে। কিন্তু কিউবার সাবেক প্রেসিডেন্ট ক্যাস্ত্রো এই বিষয়ে কোনো মন্তব্য না করে উল্টো কিউবার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। সূত্র: বিবিসি

