জাপানের তোকশিমাতে গত ১৩ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ওয়াদুরি নৃত্য উত্সবে ১৬ সদস্যের একটি বাংলাদেশ দল অংশগ্রহণ করে। এই বিশেষ নৃত্যধারাটির সূচনা হয়েছিল ১৫৮৭ সালে এবং বর্তমানে এই নৃত্য উত্সব তোকশিমার প্রধান সাংস্কৃতিক উত্সব, যেখানে চারদিন ধরে নগরীজুড়ে সঙ্গীত ও নৃত্যে মেতে ওঠেন নগরবাসী। উত্সবে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নৃত্য পরিচালনায় ছিলেন কবিরুল ইসলাম রতন।
বাংলাদেশে জাপান দূতাবাসের সহযোগিতায় উত্সব কমিটি বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানায় এবং বাংলাদেশ, জাপান ও থাইল্যান্ডে পোশাক প্রস্তুতকারী নেতৃস্থানীয় প্রতিষ্ঠান মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ সফরের আয়োজন করা হয়।
জাপানে বাংলাদেশ দলটি ৪টি প্রদর্শনী করে। দ্বিতীয় পরিবেশনাটি ছিল এনএইচকে টেলিভিশনের বিশেষ মঞ্চে, যেখানে হাইয়ারেন নৃত্যশিল্পীদের সাথে বাংলাদেশ দল নৃত্য প্রদর্শন করে। এটি সরাসরি সম্প্রচারিত হয়। এরপর আওয়া কানকো হোটেলে চেম্বার অব কর্মাস-এর প্রীতি সম্মিলনীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৃত্যকলা প্রদর্শন করে দলটি।
দুটি পর্বে চূড়ান্ত প্রদর্শনীটি হয় উত্সব স্থলে, যেখানে পাঁচ হাজার দর্শক বাংলাদেশ দলের পরিবেশনা উপভোগ করেন।

