বন্যায় ব্যাংকের কৃষিঋণ বিতরণ কমেছে

S M Ashraful Azom
চলতি অর্থবছরের শুরুতেই কৃষিঋণ বিতরণ কমেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, বন্যার কারণে ফসলের জমি প্রস্তুত করতে দেরি হওয়ায় কৃষিঋণ বিতরণ কমেছে। তবে আগস্ট থেকেই কৃষিঋণ বাড়বে।
 
এ দিকে, জুলাই মাসে কৃষিঋণ বিতরণে সরকারি ব্যাংকগুলো বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে। আর বেসরকারি ও বিদেশি খাতের অন্তত ১২টি ব্যাংক কোন ঋণই বিতরণ করতে পারেনি।
 
চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৪০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জুলাইয়ে সব বাণিজ্যিক ব্যাংক মিলে কৃষিঋণ বিতরণ করেছে ৮৬১ কোটি ৯১ লাখ টাকা। যা চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫ দশমিক ২৬ শতাংশ। গেল অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে কৃষিঋণ বিতরণ হয়েছিল ৯০৪ কোটি ৫৩ লাখ টাকা। যা ওই অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫ দশমিক ৮২ শতাংশ ছিল।
 
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সরকারি আট ব্যাংক কৃষিঋণ বিতরণ করেছে মাত্র ২১৬ কোটি ১০ লাখ টাকা। যা ব্যাংকগুলোর পুরো অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার ২ দশমিক ৩৩ শতাংশ। চলতি অর্থবছরে কৃষিতে সরকারি ব্যাংকগুলোর কৃষিঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ২৯০ কোটি টাকা। অন্যদিকে এ সময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো মিলে কৃষিঋণ বিতরণ করেছে ৬৪৫ কোটি ৮১ লাখ টাকা। যা ব্যাংকগুলোর নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯ দশমিক ৮ শতাংশ। চলতি অর্থবছরে বেসরকারি ও বিদেশি ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ১১০ কোটি টাকা।
 
জানা গেছে, চলতি অর্থবছরে ব্যাংকগুলোকে মোট ঋণের ন্যূনতম আড়াই শতাংশ কৃষি ও পল্লী খাতে বিতরণ করতে হবে। নতুন ব্যাংকগুলোর জন্য এ হার ৫ শতাংশ। কৃষি নীতিমালা অনুযায়ী, যারা লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে না তাদেরকে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার অনর্জিত অংশ বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলক জমা করতে হবে। ব্যাংক এই জমার ওপর কোন সুদ পাবে না। গেল অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ ব্যাংকের অনর্জিত অংশের ওপর ৩ শতাংশ হারে অর্থ বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলক জমা রাখার বিধান ছিল।
 
কৃষিঋণ কমে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র মল্লিক বলেন, পূর্ব ও দক্ষিণাঞ্চলের বন্যার কারণে অনেক কৃষিজমি তলিয়ে গেছে। এতে যথাসময়ে আবাদের জন্য জমি প্রস্তুত করতে না পারায় কৃষকদের ঋণের চাহিদা কমেছে। তবে আমনের মৌসুম শুরু হওয়ায় আগস্টে কৃষিঋণের চাহিদা ও বিতরণ বাড়বে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top