ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নন—এমন গ্রাহকদের জন্য গ্রামীণফোন নিয়ে এল ইজি নেট। ইন্টারনেট ব্যবহারের সহজ প্রক্রিয়া ইজি নেট গ্রাহকদের ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। ইজি নেট ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে শিখতে পারবেন ও একই সঙ্গে তারা নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করতে পারবেন। আর এই ইজি নেট ব্যবহার করতে কোনো খবর দিতে হবে না।
রাজধানীর গুলশানের একটি হোটেলে রবিবার দুপুরে ইজি নেটের ধারণা উপস্থাপনকালে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ইয়াসির আজমান বলেন, ‘ইজি নেট আমাদের গ্রাহকদের ইন্টারনেট সম্পর্কে জানতে সাহায্য করবে ও তাদের জীবনকে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞানকে আরও শাণিত করবে।’
বাংলাদেশে ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করা গ্রামীণফোনের অন্যতম প্রয়াস বলে তিনি উল্লেখ করেন।
গ্রামীণফোনের ডিরেক্টর (মার্কেটিং) নেহাল আহমেদ বলেন, ‘গ্রাহকরা তাদের ফিচার অথবা স্মার্টফোন থেকে *৫০০০*৫৫# -এ ডায়াল করলেই একটি মাইক্রো সাইটের লিঙ্ক পেয়ে যাবেন, যেখান থেকে তারা চাইলেই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইন্টারনেট ‘কি’ এবং এটি ‘কী ভাবে’ ব্যবহার করা যায় তা জানতে পারবেন। ইন্টারনেট সম্পর্কে জেনে নিয়ে গ্রাহকরা জিরো ফেসবুক, জিরো উইকিপিডিয়া ইত্যাদির মতো অন্যান্য কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করে ইন্টারনেটের অভিজ্ঞতা নিতে পারবেন। গ্রাহকরা চাইলে ভবিষ্যতে ব্যবহারের জন্য ওই লিঙ্ক থেকে ইন্টারনেটের ছোট প্যাকেজ কিনে নিতে পারবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—গ্রামীণফোনের ডিরেক্টর (মার্কেটিং) নেহাল আহমেদ, হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল ও জেনারেল ম্যানেজার (ওয়্যারলেস অ্যান্ড ব্রডব্যান্ড) তারিক উল ইসলাম।

