‘যারা তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার সমালোচনা করেন তারা এর অস্পষ্টতা সম্পর্কে কোনো ব্যাখ্যা দেন না’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ অভিমত ব্যক্ত করেছেন। তার দাবি, ‘ওই ধারায় কোনো অস্পষ্টতা ইেন’। ‘আইসিটি আইনটি সংবিধান পরিপন্থি নয়’ বলেও মন্তব্য করেন তিনি।
সচিবালয়ে রবিবার সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া একটি বক্তব্যের প্রতিবাদ জানাতে ডাকা সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
সমন্বিত সাইবার আইন হওয়ার পর বিদ্যমান আইসিটি আইনটি থাকার দরকার হবে কি না, তখন সেটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রস্তাবিত সাইবার আইনটি হওয়ার আগ পর্যন্ত বর্তমান আইসিটি আইনের মাধ্যমেই কাজ চলবে।
মন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশে সাইবার অপরাধ একটি জঘন্য অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। তাই এই বিষয়ে নারী, শিশু ও ব্যক্তিসহ প্রাতিষ্ঠানিক নিরাপত্তার জন্য সমন্বিত একটি আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। নতুন এই আইনটি হলে আইসিটি আইন বাতিল করা হবে কি না, তা দেখা হবে।’
‘আইসিটি আইনের ৫৭ ধারায় অস্পষ্টতা আছে, এমন কোনো বক্তব্য কোনো মন্ত্রী দেননি’ বলে দাবি করেন তথ্যমন্ত্রী। ‘তবে, কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কিছু বিষয়ে বাড়াবাড়ি করে ভুল করে ফেললে আদালতে তার প্রতিকার পাওয়া যায়’ বলেন মন্ত্রী।
সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নিহতের সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা-সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ক্রসফায়ার দিয়ে দল কিংবা সন্ত্রাস সামলানোর চিন্তা শেখ হাসিনার সরকারের নেই।’

