জার্মানির একটি সৈকতে ১০৮ বছরের পুরনো একটি বোতলবন্দি চিঠি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটিই এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো সমুদ্রে ফেলা বোতল বন্দি চিঠি।
ভেতরে পাওয়া পোস্টকার্ডের বার্তায় বোতলটিকে যুক্তরাজ্যের মেরিন বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশনে (এমবিএ) ফেরত দিতে অনুরোধ করা হয়েছে। বোতলটির বাহককে এর জন্য এক শিলিং উপহারও দিতে বলা হয়েছে এমবিএ'কে।
১৯০৪ থেকে ১৯০৬ সালের মধ্যে এমন প্রায় হাজারখানেক বোতল উত্তর সাগরে ভাসানো হয়েছিল। সমুদ্রের স্রোত সংক্রান্ত গবেষণার অংশ হিসেবে জর্জ পার্কার বিডার নামের এক গবেষক এই কাজটি করেছিলেন বলে যুক্তরাজ্যের সংস্থাটি জানিয়েছে।
সামুদ্রিক জীব নিয়ে গবেষণা পরিচালনাকারী সংস্থাটি আরো জানায়, এটিই বোতলে পাওয়া সবচেয়ে পুরনো চিঠি কিনা তা জানার অপেক্ষায় রয়েছেন তারা।
২০১৩ সালের জুলাই মাসে ৯৯ বছর পুরনো একটি চিঠিবাহী বোতল স্কটল্যান্ডের একটি দ্বীপে পাওয়া গিয়েছিল। সূত্র: পিটিআই

