মায়ানমারের ক্ষমতাসীন দলের প্রধানকে আকস্মিকভাবে সরিয়ে দেয়ার পর মঙ্গলবার বিরোধী নেত্রী অং সান সু কি দেশটিতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
গত সপ্তাহে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রধান শয়ে মানকে আকস্মিকভাবে অপসারণকে নির্বাচনের আগে প্রেসিডেন্ট ও তার সামরিক মিত্রদের রাজনৈতিক অবস্থান আরো জোরদার করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ৮ নভেম্বর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের আগে পার্লামেন্টের সর্বশেষ বৈঠকের জন্য মঙ্গলবার রাজধানী নাইপিদোয় এমপিরা একত্রিত হয়েছেন। এ প্রেক্ষাপটে সু কি বলেন, ক্ষমতাসীন দলের কর্মকাণ্ড নির্বাচন নিয়ে উদ্বেগ তৈরি করেছে। নির্বাচনকে গণতান্ত্রিক সংস্কারের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এএফপি

