রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শ্রীবরদী পৌর শহরের সাতানী এলাকায় শ্রীবরদী-শেরপুর বাইপাস বেহাল সড়কে ধান ও কচুগাছ লাগিয়ে এক ব্যতিক্রম প্রতিবাদ জানিয়েছে সচেতন এলাকাবাসি। ৩ সেপ্টেম্বর বৃহঃপতিবার দুপুরে পৌর শহরের সচেতন মহল খানা খন্দকে ভরা বেহাল রাস্তার ওপর ধান ও কচুগাছ লাগিয়ে এ প্রতিবাদ জানান।
জানাগেছে, শ্রীবরদী-শেরপুর সড়ক ও জনপদ সড়কের সংস্কার ও ব্রীজের কাজ করায় দীর্ঘদিন থেকে লোকাল ও দুরপাল্লার হালকা এবং ভারী যানবাহন করতে পারছেনা। ফলে ভারী যানবাহন ও যাত্রিবহী বিভিন্ন যান চলাচলে বাইপাস সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। এতেকরে প্রতিদিন পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দূর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীসহ এলাকাবাসি। সড়কটি পৌর শহরের চৌরাস্তা থেকে ধিয়েরচর পর্যন্ত কার্পেটিং ওঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ ও এলজিইডি রাস্তা সংস্কার বা মেরামতের উদ্যোগ না নেওয়ায় এর প্রতিবাদে এলাকাবাসি ও সচেতন মহল বৃহঃপতিবার দুপুরে প্রায় ২ ঘন্টাব্যাপি রাস্তা অবরোধ করে সড়কের খানা খন্দের ওপর ধান ও কচুগাছ লাগায়। এসময় ওই সড়কে চলাচলরত যানবাহনের লোকজন ও সাধারণ জনগণ এলাকাবাসির দাবীর সাথে একাত্ত্বতা প্রকাশ করে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে সড়কটির দ্রুত সংস্কারের দাবী জানান। এব্যাপারে পৌরসভার মেয়র আব্দুল হাকিম বলেন, রাস্তাটি এলজিইডি’র আওতাভূক্ত। একারণে পৌরসভার পক্ষ থেকে সংস্কার করা সম্ভব হচ্ছেনা। জনগণের দাবীর সাথে একাত্ত্বতা পোষণ করে তিনিও রাস্তাটির দ্রুত সংস্কারের জন্য এলজিইডি কর্তৃপক্ষের নিকট দাবী জানান। উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, রাস্তাটির মেজরমেন্ট করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। কিছুদিনের মধ্যে রাস্তার কাজ শুরু হতে পারে।
