চোখের চারপাশের যত্ন

S M Ashraful Azom
পৃথিবীর সৌন্দর্য আমরা চোখ দিয়ে দেখি। আর মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে চোখ। চোখ মনের কথা বলে। সুন্দর চোখ সবাইকে আকৃষ্ট করে। যার চোখ যত সুন্দর তাকে দেখতে তত ভালো লাগে। মানব দেহের অতি গুরুত্বপূর্ণ অংশ চোখের যত্ন নেওয়া খুব জরুরি। ধুলো, বালি আর রোদে চোখে বিভিন্ন সমস্যা দেখা দেয়। অতিরিক্ত রাত জাগলে চোখের নিচে কালো দাগ পড়ে। অসুস্থতাসহ নানা কারণে চোখের সৌর্ন্দয নষ্ট হয়ে যায়। তাই চোখের চারপাশের সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন পরিচর্চা। তাছাড়া সুস্থ চোখের জন্য আপনাকে থাকতে হবে সচেতন। নিতে হবে সঠিক যত্ন।
 
চোখকে আমরা কত নামে উপস্থাপন করি। কখনো আঁখি, কখনো নয়ন, কখনো মণি। যে নামই বলি না কেন সুস্থ সুন্দর না হলে চোখের অর্থই ম্লান হয়ে যায়। তাই চোখের জন্য আপনাকে বাড়তি যত্ন নিতে হবে। চোখের চারপাশে কালো দাগ একটি বড় সমস্যা। গোল করে কাটা শসার দুটি টুকরো চোখের উপরে ৫ থেকে ১০ মিনিট রাখতে হবে। এভাবে নিয়মিত ব্যবহারে আপনার কালো দাগ কমে আসবে। আলু বেটে রস নিঃসৃত করে শুষ্ক আলু চোখের চারপাশে দিয়ে ৩০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা দাগ দূর করতে বেশ উপকারী। দুটি তুলার বল ঠাণ্ডা দুধে ডুবিয়ে রাখুন। পরে চোখ বন্ধ করে সেই বল দুটি চোখে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। চোখ আরাম পাবে। চোখের দাগ কমতে থাকবে। আপনি চাইলে ১ টেবিল চামচ টমেটোর রসের সাথে ১ চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে এতে আধা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ ময়দা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি চোখের কাল দাগের উপর ৩০ মিনিট রেখে ভেজা তুলা দিয়ে তুলে নিন। এভাবে ৭ দিন ব্যবহারে কালো দাগ কমে আসবে। এছাড়া ৩ টুকরো শসার রসে গোল করে রাখা তুলা ২ মিনিট ভিজিয়ে রাখুন। পরে তুলা চোখের কালো দাগের উপরে ১৫ মিনিট রাখুন। এভাবে ২/৩ দিন ব্যবহার করুন। এভাবে ব্যবহারে আপনার চোখ সুন্দর হয়ে উঠবে। বংশগত কারণে চোখের চারপাশে কালো দাগ থাকতে পারে। এসব প্রাকৃতিক পদ্ধতি ব্যবহারে ওসব দাগও কমে আসবে। তবে চোখের অভ্যন্তরীণ সুস্থতাও জরুরি। এজন্য আপনাকে শরীর সুস্থ রাখতে হবে। নিয়মিত ব্যায়াম করুন। এতে শরীরের রক্ত সঞ্চালন বাড়বে। চোখ ভালো থাকবে। নিয়মিত কমপক্ষে ২০ মিনিট হাঁটুন। ধূমপান করা যাবে না। যেকোনো ধরনের অ্যালকোহল ত্যাগ করতে হবে। কেননা সিগারেটের নিকোটিন এবং অ্যালকোহলের টক্সিন চোখের অপটিক নার্ভ নষ্ট করে দিতে পারে। শরীরে পানি স্বল্পতা দূর করতে হবে। প্রচুর পানিপানে আপনার চোখের সৌর্ন্দয নিশ্চিত হবে। অতিরিক্ত রাত জাগা যাবে না। সুস্থ সুন্দর চোখের জন্য রাতে তাড়াতাড়ি ঘুমানোর বিকল্প নেই। দৈনিক ৮ ঘণ্টা ঘুমাতে হবে। রোদে বের হলে সানগ্লাস ব্যবহার করতে হবে। অনেকেরই দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়। অনেকে আবার দীর্ঘক্ষণ টিভি দেখেন। এজন্য প্রতি ২০ মিনিট পরপর মনিটর থেকে চোখ সরিয়ে দূরের জিনিস দেখুন। চোখের ব্যায়াম করুন কাজের বিরতিতে। বারবার চোখের পলক ফেলুন। একটানা পলক ফেলে মনিটরে কাজ করবেন না। কাজের বিরতিতে পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। চোখ সুস্থ থাকবে। তবে চোখের যত্ন নিতে প্রথম কথাই হলো নিয়মিত চোখ ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পানি দিয়ে চোখ ধুতে হবে। চোখের সুস্থতার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে। ভিটামিন এ চোখের সুস্থতা নিশ্চিত করে। তাই ভিটামিন এ-সমৃদ্ধ খাবার খেতে হবে। বিশেষ করে সবুজ শাকসবজি, ফলমূল, বাদাম, ছোট মাছ, গাজর এবং কলিজা বেশি বেশি করে খেতে হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top