আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
আগামী ৬ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি গ্রহণের জন্য তিনি আহ্বান জানান। জাতীয় পার্টির চেয়ারম্যানের সংসদ ভবন কার্যালয়ে পার্টির চেয়ারম্যানের উপস্থিতিতে কুমিল্লা জেলা নেতৃবৃন্দের এ বৈঠকে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান রওশন আরা মান্নান এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, এইচ.এন.এম. শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লার দ্বিবার্ষিক সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

