যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কচ্ছপ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।
গত ২ দিনে বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা গ্রাামের মাঠের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ২৩৯টি কচ্ছপ এবং ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা মাঠে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা তাদের সঙ্গে থাকা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তা ভর্তি ভারতীয় ২৩৯টি কচ্ছপ এবং ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪,৮০,০০০ টাকা বলে জানায় বিজিবি।
২৩ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় এবং কচ্ছপগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।

