কুমিল্লায় দেড় কোটি টাকার মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীসহ সীমান্তবর্তী অন্যান্য এলাকা থেকে এসব মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয়।
জানা গেছে, সোমবার বিকাল বিকাল তিনটার দিকে বিজিবির একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় উন্নতমানের ৬৪৯টি শাড়ি ও ৬৫টি থ্রি পিস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া সীমান্তবর্তী অন্যান্য এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ২৪১ বোতল হুইস্কি, ২০ কেজি গাঁজা, ১৯৯ বোতল ফেনসিডিল, ৭২ বোতল সিরাপ, এক লাখ ১২ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেট, ১১৭৮টি শাড়ি, ৬৫ টি থ্রি পিস, ৩৭৫ কেজি জিরা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মিনি কাভ্যার্ডভ্যানসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৬২ লাখ ৪১ হাজার তিন শ টাকা।

