ইনজুরিতে জর্জরিত অস্ট্রেলিয়া দল। সকারুদের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে একজন অধিনায়ক মিলে জেডিনাক। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে খেলা হচ্ছে না ক্রিস্টাল প্যালেসের অধিনায়কের। তিনি একা নন। ফরোয়ার্ড টমি জুরিক ও রবি ক্রুস যথাক্রমে রোডা জেসি ও বায়ারলেভারকুসেনের খেলোয়াড়। তারাও বাংলাদেশের বিপক্ষের ম্যাচ মিস করবেন ইনজুরির কারণে। তাদের জায়গায় দলে এসেছেন লাজিওর তরুণ তারকা ক্রিস ইকোনোমিডিস, হিডেনহেইমের ফরোয়ার্ড বেন হালুরান ও ব্রিসবেন রোয়ারের মিডফিল্ডার লুক ব্রাটান। ব্রাটানের অধিনায়ক ব্রিসবেনের মিডফিল্ডার ম্যাট ম্যাকের বিশ্বাস, নিয়মিত অধিনায়ক জেডিনাকের অনুপস্থিতিতেও দল ভালো করবে। সেই সাথে তিনি জানিয়েছেন, বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তারা।ম্যাকে জানাচ্ছেন, কিরগিস্তানের বিপক্ষে ওই ম্যাচই অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছে। তাই বাংলাদেশের বিপক্ষে গা ছাড়া ভাব দেখানোর উপায় নেই। ম্যাকে বলেছেন, "বিপদ হতে পারে। শেষ ম্যাচে তেমনটা দেখেছি কিরগিস্তানের বিপক্ষে। তারা কতো ভালো প্রতিপক্ষ তা আমরা বুঝেছি। তারা আমাদের ভালোই পরখ করে দেখেছে। এই ম্যাচকে (বাংলাদেশের বিপক্ষে) হালকাভাবে নিচ্ছি না আমরা।"
ইনজুরির কারণে নিয়মিত খেলোয়াড়দের কয়েকজন না থাকলেও খুব চিন্তিত নন ম্যাকে। তিনি বলেছেন, এতে করে দলের গভীরতা মাপার সুযোগ মিলবে কোচ আনগে পস্তেকগলুর। ম্যাকের ভাষায়, "নিয়মিত কয়েকজন খেলা মিস করবে। পরে তারা অবশ্যই ফিরবে। এখন অন্যরা সুযোগ পাবে। আমাদের গভীরতাটা দরকার। যে গভীরতা গত কয়েক বছরে কোচ তৈরি করেছেন। প্রত্যেকেই উদগ্রীব হয়ে অপেক্ষায়। খেলার জন্য তৈরি, সবাই চায় মুগ্ধ করতে।" গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া এশিয়া কাপ জিতেছে নিজেদের মাটিতে। মার্চে তারা একটি প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সাথে ২-২ গোলে ড্র করেছে। বাংলাদেশকে তাই এই অস্ট্রেলিয়া দলের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে।