ইসরাইল বুধবার রাতে গাজা ভূখণ্ডে হামাসের সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এ কথা জানায়।
গাজা ভূখণ্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে গুলি ছোঁড়ার জবাবে ইসরাইল এ হামলা চালিয়েছে। দেশটি এক বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে ছোঁড়া গুলি ইসরাইলি দক্ষিণাঞ্চলীয় এলাকা নিতিভ হাসারার বেশ কয়েকটি বাড়িতে আঘাত করে। এতে বাড়িঘরগুলোর ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। তবে গাজা থেকে ছোঁড়া গুলি হামাসের অবস্থান থেকে চালানো হয়েছে কি-না ইসরাইলী সেনাবাহিনী সে ব্যাপারে কিছু জানায়নি। ইসরাইলের বিমান হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না তাও জানা যায়নি।

