আগামী মাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন ব্রাজিলিয়ান তারকা কাকা। আগামী শনিবার কোস্টারিকা এবং এর চারদিন পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দীর্ঘদিন পর কাকাকে দলে ডেকেছেন ব্রাজিল দলের কোচ দুঙ্গা। বর্তানে মেজর লিগ সকারে খেলছেন সাবেক বর্ষসেরা এই খেলোয়াড়। সেখানে দারুণ পারফর্ম করে দুঙ্গার দলে আশ্চার্যজনকভাবে ডাক পান তিনি।
সর্বশেষ ২০১৪ সালের অক্টোবরে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা কাকা জানান, ‘আমি মনে করি নিজের অভিজ্ঞতা দলে কাজে লাগাতে পারব। জাতীয় দলে এই মুহূর্তে ফেরাটা সত্যিই বিশেষ অর্জন। কোচের পরিকল্পনা সম্পর্কে আমি কিছুই জানি না। তবে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে যদি সুযোগ পাই তবে আমি প্রমাণ করার চেষ্টা করব বিশ্বকাপ বাছাইপর্ব খেলার যোগ্যতাও আমার রয়েছে।’

