বলিউড অভিনেত্রী রানী মুখার্জীর মা হওয়ার সংবাদটি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন অনেকেই। এমনকি রানী ও আদিত্য চোপড়াও বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। তবে শেষ পর্যন্ত গুজব থেকে সংবাদটি সত্যিতে পরিণত হলো। আর এই সংবাদটি নিশ্চিত করেন রানীর ননদ। সম্ভাব্য আগামী বছরের জানুয়ারিতে এই তারকা দম্পতির কোলে আসছে নতুন অতিথি।
বিয়ের পর মুম্বাইতে খুব একটা পাওয়া যায়নি রানী ও আদিত্যকে। দেশের বাইরেই বিভিন্ন জায়গায় ঘুরে সময় কাটাচ্ছেন তারা। সম্প্রতি খবর পাওয়া যায় লন্ডনে বেড়াতে গিয়ে ম্যাসাজ পার্লারে নিয়মিত যাচ্ছেন রানী মুখার্জী। সেখানে রানী বিশেষ যে ম্যাসাজ নিচ্ছেন তা সাধারণত অন্তঃসত্ত্বা নারীরা নিয়ে থাকেন। এরপর থেকেই রানীর মা হওয়ার সংবাদটি আবারও আলোচনায় আসে।
প্রায় কয়েক বছর ধরেই বলিউডে অনিয়মিত রানী। মাঝে একটি-দু’টি সিনেমায় অভিনয় করলেও একসময়ে সেই রানীকে আর পায়নি তার ভক্তরা। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘মারদানি’ ছবিটি রানীর এখন পর্যন্ত শেষ ছবি। তারপর আর কোনো সিনেমা প্রসঙ্গে সংবাদ মিলেনি তার।

