উত্সবের পোশাক মানে নতুনত্ব। আর সেই পোশাকটা মনের মতো না হলে কেমন হয়? এই সময়ের তরুণীরা দেশীয় পোশাকের সাথে পাশ্চাত্যের ফিউশনটা বেশ পছন্দ করছে। তাদের পছন্দের কথা ভেবে আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো তেমনি পোশাক তৈরি করছেন। উত্সবের পছন্দের পোশাক নিয়ে এবারের আয়োজন। লিখেছেন নওশীন শর্মিলী
বর্তমানে গতানুগতিক সালোয়ার-কামিজের বাইরে অনেকেই পরছেন প্যাটার্ন ভিন্নতার পোশাক। ফেব্রিক ভেরিয়েশনের পাশাপাশি এতে থাকছে প্রাচীন ভারতীয় ও মরোক্কান ঐতিহ্যের ছোঁয়া। কামিজের ঘের হচ্ছে নানা রকম। কামিজ বা কুর্তার নেক লাইনে থাকছে কাটিং ভিন্নতা। পাশাপাশি গর্জিয়াস নকশায় নেক লাইন থেকে ফ্রন্ট সাইড পুরোটাই প্রকাশ করছে ভিন্নতর পোশাকী ক্যানভাস। এবার শুধু নকশাই নয়, পোশাকের কাটছাঁটেও থাকছে ভিন্নতা। প্রজাপতি নকশার প্যাটার্নে তৈরি হয়েছে টিউনিক। কামিজের ঘেরেও থাকছে বৈচিত্র্য। বেশি ঘের দেওয়া কামিজ তো আছেই। পাশাপাশি চলছে লম্বা টপ বা কামিজে অসমান দৈর্ঘ্য অর্থাত্ সামনে বেশি ঘের, পেছনে কম, আবার পেছনে বেশি, সামনে কম ঘেরের নকশার পোশাক।

