স্কটিশ তারকা এন্ডি মারেকে পরাজিত করে সাংহাই ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ। ফাইনালে তার প্রতিপক্ষ ফ্রেঞ্চম্যান জো-উইলফ্রিড টিসোঙ্গা। চায়নায় ক্যারিয়ারের দশম শিরোপার লক্ষ্যে ফাইনালে লড়াইয়ে নামবেন সার্বিয়ান জকোভিচ।
বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা মারের বিপক্ষে সেমিফাইনালের আগে অনেকেই জমাট লড়াইয়ে আশা করেছিল। কিন্তু ৬-১, ৬-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে জকোভিচ ম্যাচটিকে একপেশে করে তুললে হতাশ হতে হয় মারে সমর্থকদের। অপর সেমিফাইনালে টিসোঙ্গা ৬-৪, ০-৬, ৭-৫ গেমে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। ফাইনালে অবশ্য ফ্রেঞ্চ তারকাকে বেশ কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। বিশেষ করে টানা ১৩টি ফাইনালের ওঠার পাশাপাশি ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে যেখানে জকোভিচ কোর্টে নামছেন সেখানে সোঙ্গার রেকর্ড মোটেই সমৃদ্ধ নয়। তার উপর চায়নায় এখন পর্যন্ত কোন ম্যাচে পরাজিত হবার রেকর্ড নেই জকোভিচের। যদিও বিশ্বের আট নম্বর তারকা নাদালের বিপক্ষে জয়টাকেই বড় করে দেখছেন টিসোঙ্গা।
সেমিফাইনালের পরে জকোভিচ বলেছেন, মারের বিপক্ষে ম্যাচটি ছিল টুর্নামেন্টের সেরা ম্যাচ। যখনই মারের সাথে খেলতে নামি বাড়তি একটি আকর্ষণ কাজ করে। সবসময়ই সেটা অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কিন্তু আমি পুরো প্রস্তত ছিলাম। প্রথম পয়েন্ট থেকেই আমি সঠিক ভাবে এগিয়েছি। অন্যদিকে মারে বলেছেন অবশ্যই এটা হতাশাজনক। বিশেষ করে প্রথম সেটে আমি মোটেই ভাল সার্ভিস করতে পারিনি। এই মুহূর্তে নোভাক যেভাবে খেলছে তাতে তার বিপক্ষে এই ধরনের ভুল ম্যাচ শেষ করে দিতে পারে। যে পরিমান আত্মবিশ্বাস তার মধ্যে রয়েছে তাতে তার বিপক্ষে খেলাটাই দারুন কঠিন।

