রোসির ৫০০তম ম্যাচে রোমার জয়

S M Ashraful Azom
শনিবার এম্পোলির বিপক্ষে ৩-১ গোলের জয়ের মাধ্যমে রোমা সিরি-আতে  তাদের জয়ের ধারা ধরে রেখেছে। এই ম্যাচটি ছিল দলের অভিজ্ঞ মিডফিল্ডার ড্যানিয়েল ডি রোসির রোমার হয়ে ৫০০তম ম্যাচ। ম্যাচটির ৫৯ মিনিটে দ্বিতীয় গোলটি করে রোমার জয়টিকেও নিজের জন্য স্মরণীয় করে রাখলেন ডি রোসি।
গোলশুণ্য বিরতির পরে ৫৬ মিনিটে মিরালের পানিচের দূর্দান্ত ফ্রি-কিকে রোমা এগিয়ে গিয়েছিল। বসনিয়ান এই তারকা তিন মিনিট পরে ডি রোসিকে গোল করতে সহায়তা করেন। তার কর্ণার থেকেই ৩২ বছর বয়সী অভিজ্ঞ রোসি হেড দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন। ৬৯ মিনিটে গারভিনহোর সহায়তায় রোমা ৩-০ গোলের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে যায়। ইনজুরির কারনে কাল রোমার হয়ে মাঠে নামতে পারেননি ফ্রান্সেকো টট্টি ও এডিন জেকো। ৭০ মিনিটে অবশ্য এম্পোলি অস্ট্রিয়ান মার্সেল বুচেলের গোলে এক গোল পরিশোধ করে। কিন্তু রোমার তিন পয়েন্ট অর্জনের পথে বাঁধা হতে তা কার্যত কোন কাজে আসেনি। মঙ্গলবার বায়ার লিভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয় নি:সন্দেহে আত্মবিশ্বাসী করে তুলবে রোমাকে। এই জয়ে ফিওরেনটিনার থেকে এক পয়েন্ট পিছিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে থাকলো রোমা। 
নিষেধাজ্ঞার কারনে গতকাল অলিম্পিকো স্টেডিয়াম পুরোটাই দর্শকশুন্য ছিল। পুলিশি বাঁধায় এসময় প্রচুর রোমা সমর্থককে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ করতে দেখা গেছে। ম্যাচ শেষে ডি রোসি বলেছেন, ম্যাচে জয় সবসময়ই আনন্দের। আমি বিশেষ করে আনন্দিত এই জন্য যে আজ একটি গোল করতে পেরেছি যা সচরাচর হয়না। যদিও অলিম্পিকো স্টেডিয়াম খালি থাকায় আজকের রাতটা আমাদের জন্য হতাশার ছিল। আশা করছি এই পরিস্থতির দ্রুত উন্নতি হবে। ৫০০তম ম্যাচটি তাই কিছুটা হলেও আমার জন্য হতাশার। এম্পোলি যেহেতু কঠিন দল তাই আমাদের জয়টা গুরুত্বপূর্ণ ছিল। তাদের মধ্যমাঠ বেশ শক্তিশালী। তাদের বিরুদ্ধে আমাদের সকলেরই বেশ কষ্ট করতে হয়েছে। 
দিনের অপর ম্যাচে এসি মিলান তোরিনোর সাথে ১-১ গোলে ড্র করেছে। এসি মিলানের বিপক্ষে ২০০১ সালের পরে প্রথম জয়ের লক্ষ্য নিয়েই স্বাগতিক তোরিন কাল মাঠে নেমেছিল। কিন্তু ৬৩ মিনিটে কার্লোস বাক্কা সফরকারীদের এগিয়ে দিলে তোরিনোর সেই আশা অনেকটাই ফিকে হয়ে যায়। ৭৩ মিনিটে অবশ্য ড্যানিয়েল বাসেলি গোল করে তোরিনোকে ম্যাচে ফেরান। ইতালিয়ান অনুর্ধ্ব-২১ দলের তারকা বাসেলির চলতি মৌসুমে এটি চতুর্থ গোল। এই ড্রয়ে তোরিনো শীর্ষ পাঁচ দলের মধ্যে নিজেদের ধরে রাখলো। টেবিলের শীর্ষে থাকা ফিওরেনটিনার থেকে তারা চার পয়েন্ট দুরে রয়েছে। অন্যদিনে মিলান নেমে গেছে নবম স্থানে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top