সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মংলা বন্দরের পশুর নদীতে গতকাল সোমবার হয়ে গেল ব্যতিক্রমী এক নৌকা শোভাযাত্রা। গতকাল বিকালে পশুর নদীর লাউডোব এলাকায় অনুষ্ঠিত এই শোভাযাত্রায় অংশ নেয় শতাধিক নৌকা।
নৌকার যাত্রী ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, তরুণ-তরুণী। তাদের হাতে ছিল সুন্দরবনের প্রাণী ও বৃক্ষরাজি হত্যা, পাচার বন্ধসহ নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ, জাগ্রত যুব সংঘ ও সুশীলন নামক তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থা যৌথভাবে এ প্রচারাভিযানের আয়োজন করে।

