কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে নারী উত্ত্যক্তকারী ও মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেছে।
শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত পৌরসভার নওপাড়া ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার সময়ে আব্দুল মতিন বিশ্বাস দিপন নামে এক যুবককে (৩৫) আটক করে পুলিশ। দিপন মৃত আব্দুল মান্নান ওরফে পল্টু বিশ্বাসের ছেলে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান দন্ডবিধির ৫০৯ ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অন্যদিকে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পোড়াদহ ইউনিয়নের গ্রাম পোড়াদহ গোরস্থানের নিকট অভিযান চালিয়ে ওই গ্রামের শহিদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী ইমরান আলীকে (২২) পাঁচশত গ্রাম গাঁজাসহ আটক করে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

