বর্তমানে দেশের সঙ্গীত অঙ্গনের একটি পরিচিত নাম কার্নিয়া। বেশ কয়েকটি মিক্সড অ্যালবামের পাশাপাশি তিনি দেশের কয়েকজন খ্যাতিনামা সঙ্গীতশিল্পীর সাথে কাজ করেছেন ডুয়েট গানে। আর সম্প্রতি সময়ে কার্নিয়া কাজ করছেন পার্থ বড়ুয়ার নির্দেশনায় নতুন শিল্পীদের অংশগ্রহণে একটি গানের অ্যালবামে।
এ বিষয়ে কার্নিয়া বলেন, ‘বর্তমানে একটি স্টেইজ শো-এর কাজ নিয়ে ব্যস্ত আছি। এ ছাড়া নতুন একটি অ্যালবামের কাজ এখনও চলছে। এর বাইরে পার্থ বড়ুয়ার সাথে নতুন শিল্পীদের অংশগ্রহণে একটি মিক্সড গানের অ্যালবামে গান করছি। তবে অ্যালবামটির নাম এখনও ঠিক হয়নি।’
ডুয়েট গান করা প্রসঙ্গে কার্নিয়া জানান, ‘আসলে ডুয়েট গানের ক্ষেত্রে আমি খুব বেছে কাজ করি। সেক্ষেত্রে খুব ভালো গান বা ভালো শিল্পী ছাড়া আমি ডুয়েট গানে কাজ করি না। ভালো শিল্পী বলতে সবার সাথেই তো আমার কণ্ঠ মেলে না, তাই যাদের সাথে আমি সহজে কণ্ঠ মেলাতে পারি মূলত তাদের সাথেই ডুয়েট গানে কাজ করি।’

