ভূমিকম্প দুর্গতদের জন্য সহায়তা চাইলো তালেবান

S M Ashraful Azom
আফগানিস্তানে ভূমিকম্প দুর্গতদের সহায়তার জন্য আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। দেশটির উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে জরুরি সাহায্য পৌঁছে দিতে মঙ্গলবার এই আহ্বান জানায় তারা। সোমবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন।
 
তালেবান বলেছে, দুর্গত এলাকার 'মুজাহিদদের' সম্পূর্ণ সহায়তার নির্দেশ দেয়া হয়েছে। হিন্দুকুশ অঞ্চলে সোমবারের ভূমিকম্পে আফগানিস্তানে অন্তত ৭৬ জন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
 
আফগান সরকার দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণ সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছে। তবে প্রত্যন্ত বিভিন্ন এলাকা তালেবানের নিয়ন্ত্রণে থাকায় সেখানে ত্রাণ তৎপরতা চালানোকে চ্যালেঞ্জের বিষয় বলে মনে করে ত্রাণ সংস্থাগুলো।
তালেবান অবশ্য মঙ্গলবার ত্রাণ সংস্থাগুলোর কার্যক্রম চালানোর পথ প্রশস্ত করার অঙ্গীকার করেছে।
 
তালেবানের ওয়েবসাইটে বলা হয়েছে, ইসলামিক আমিরাত (তালেবান) ভয়াবহ ভূমিকম্পে দুর্গতদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সামগ্রী সরবরাহ থেকে সরে না আসতে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছে।
 
এতে আরো বলা হয়েছে, দুর্গতদের সম্পূর্ণ সহায়তা এবং যেসব দাতব্য প্রতিষ্ঠান দুর্গতদের সাহায্য করতে এগিয়ে আসছে তাদেরকে সহযোগিতা করতে 'মুজাহিদদের' নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: এএফপি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top